
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়ঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
২ অক্টোবর ২০২৬ ইং ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদুড়া ইউনিয়নে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ও সম্মিলিত ভূমিকা পালন করতে হবে। মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই একটি সুস্থ, নিরাপদ ও মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। মাদক ও জুয়ার বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব চন্দন কর, উপজেলা নির্বাহী অফিসার, হরিপুর; জনাব মোঃ আব্দুল হাকিম আজাদ, অফিসার ইনচার্জ, হরিপুর থানা; গেদুড়া মাদক ও জুয়া নির্মূল কমিটি-এর সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।





