
টাঙ্গাইলের নাগরপুরে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দেলদুয়ার পাহাড়পুর প্রভাতী সংঘের জয়
রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে কলিয়া ক্রীড়া ও সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম রাউন্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্থানীয় কলিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় পাহাড়পুর প্রভাতী সংঘ (দেলদুয়ার) এবং ছনকা সূর্যমুখী সংঘ (নাগরপুর)।
খেলার দ্বিতীয়ার্ধে পাহাড়পুর প্রভাতী সংঘের পক্ষে ১টি গোল হয়। পরবর্তীতে ছনকা সূর্যমুখী সংঘ গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হলে, হাফটাইমের সেই ১-০ গোলের ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত পাহাড়পুর প্রভাতী সংঘ দেলদুয়ার জয় লাভ করে ফাইনালের পথ সুগম করে। বিজয়ী ও বিজিত উভয় দলের অসাধারণ ক্রীড়াশৈলী মাঠে উপস্থিত হাজারো দর্শক উপভোগ করেন। উল্লেখ্য, টুর্নামেন্টের চূড়ান্ত বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় প্রাইজ ‘ফ্রিজ এন্ড ফ্রিজ’।
কলিয়া গ্রাম উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মির্জা নজরুল ইসলাম রনজুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং গয়হাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকির তালুকদার। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক জনাব এএকেএম সাইফুল ইসলাম (জাহাঙ্গীর)।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীলভাবে সঞ্চালনা করেন রফিক রাজু ক্যাডেট স্কুল নাগরপুর শাখার পরিচালক মোঃ মোস্তাক আহম্মেদ। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কলিয়া ক্রীড়া ও সমাজ কল্যাণ যুব সংঘের এ আয়োজন এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।





