
রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার।
সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম।
রাজশাহীর তানোরে ধানক্ষেতের আইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সেচপাম্পের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা এলাকার একটি ডিপের পাশে ধানক্ষেতের আইলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি সেখানে এসেছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। নিহতের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।





