
এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন,
গুরুতর আহত বাবা হাসপাতালে
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেন্সী আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা ফাজিল উদ্দিন (৪৪) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার নেকমরদগামী পাকা সড়কের বোয়ালধার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাজিল উদ্দিন ও তার মেয়ে ফেন্সী আক্তার বুধবার সন্ধ্যায় নেকমরদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে বাবা ও মেয়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে ফেন্সী আক্তারের মৃত্যু হয়। তার বাবা ফাজিল উদ্দিন বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ফেন্সী আক্তার দশম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার বাবা ফাজিল উদ্দিন বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম কাদশুকা কাজিবস্তী গ্রামের বাসিন্দা। তিনি কালমেঘ বাজারে ‘ফুজি ফটো স্টুডিও’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।
মেধাবী শিক্ষার্থী ফেন্সীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই ঘটনায় মেয়েকে হারিয়ে বাবা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।





