
কয়েক দশক ধরে বেহাল করাবেগ হাট সংলগ্ন খালের ঢালাই সেতু, ভেঙে পড়েছে বিকল্প কাঠের সাঁকোও! বিপজ্জনক পারাপারে আতঙ্কিত এলাকাবাসী
মোমিন আলি লস্কর, জয়নগর:
দীর্ঘ কয়েক দশক ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে করাবেগ হাট সংলগ্ন খালের উপর নির্মিত ঢালাই সেতু। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর ১ নম্বর ব্লকের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করাবেগ গ্রামের করাবেগ হাট সংলগ্ন এই সেতুটি বর্তমানে কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কংক্রিটের সেতুটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। পরিস্থিতি সামাল দিতে কয়েক বছর আগে সেতুর পাশে যাতায়াতের বিকল্প ব্যবস্থা হিসেবে একটি কাঠের সাঁকো তৈরি করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, বর্তমানে সেই কাঠের সাঁকোটিও ভেঙে পড়েছে। ফলে একদিকে পুরনো সেতুর বেহাল দশা, অন্যদিকে বিকল্প সাঁকো ভেঙে যাওয়ায় কার্যত বিপাকে পড়েছেন গ্রামবাসীরা।
এই সেতুর উপর দিয়ে চালতাবেড়িয়া, ধোসা, রাজাপুর,করাবেগ, বারাসাত, জীবনমণ্ডলের হাট-সহ জয়নগরের বিস্তীর্ণ এলাকার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের কাছে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটির অবস্থা এতটাই শোচনীয় যে জীবনের ঝুঁকি নিয়েই তাঁদের পারাপার করতে হচ্ছে। যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের ব্যবস্থা হয়নি। তাঁদের প্রশ্ন, বড় কোনও দুর্ঘটনা ঘটার পরেই কি প্রশাসনের টনক নড়বে?তাই আর বিলম্ব না করে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুরনো সেতুটি সংস্কার করা হোক অথবা নতুন একটি মজবুত কংক্রিটের সেতু নির্মাণ করা হোক—এমনটাই দাবি তাঁদের।এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন—দুর্ঘটনা ঘটার আগেই কি রাজাপুর খালের উপর নিরাপদ সেতু তৈরি হবে





