
বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ কমিটিতে জবির তিন শিক্ষক
ইমতিয়াজ, জবি প্রতিনিধি:
বাংলাদেশ গণিত সমিতির (Bangladesh Mathematical Society—BMS) কার্যনির্বাহী পরিষদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের তিন শিক্ষক। তাঁদের মধ্যে একজন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি এবং অন্য দুজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি সমিতির বিভিন্ন সাংগঠনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তাঁরা।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. মো. রেজাউল করিম বাংলাদেশ গণিত সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি (Vice-President) নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তাঁকে সমিতির বার্ষিক সাধারণ সভা (AGM) ও পুনর্মিলনী ২০২৬-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. মোস্তাক আহমেদ কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সমিতির বুলেটিন এডিটোরিয়াল বোর্ডের প্রধান সম্পাদক (Chief Editor) হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এ ছাড়া তিনি বুলেটিন এডিটোরিয়াল বোর্ড এবং ন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট ম্যাথমেটিক্স অলিম্পিয়াড (NUMO) কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট পরিকল্পনা ও প্রত্যাশা সম্পর্কে অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “বাংলাদেশ গণিত সমিতির আসন্ন বার্ষিক সাধারণ সভা (AGM) ও পুনর্মিলনী ২০২৬ দেশের প্রবীণ ও নবীন গণিতবিদদের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে। এই আয়োজনের মাধ্যমে আমাদের পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে এবং গণিত গবেষণার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।”
সমিতির প্রকাশনা ও গবেষণাধর্মী কার্যক্রমের প্রসঙ্গে অধ্যাপক ড. মোস্তাক আহমেদ বলেন, “বাংলাদেশ গণিত সমিতির বর্তমান উদ্যোগ ও গবেষণাধর্মী কার্যক্রমগুলো বুলেটিনের মাধ্যমে দেশের প্রতিটি গণিতপ্রেমীর মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। এর ফলে গণিতচর্চার পরিধি যেমন বৃদ্ধি পাবে, তেমনি তরুণ প্রজন্ম সমিতির কার্যক্রমের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা পাবে।”
অন্যদিকে, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গণিতচর্চায় সম্পৃক্ত করার ক্ষেত্রে ন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের ভূমিকা তুলে ধরে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, “ন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট ম্যাথমেটিক্স অলিম্পিয়াড (NUMO)-এর মাধ্যমে দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গণিত সমিতি কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো এই অলিম্পিয়াডকে সারা দেশে আরও জনপ্রিয় করা, যাতে মেধাবী তরুণেরা গণিতচর্চায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বমানের গবেষক হিসেবে গড়ে উঠতে পারে।”
উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণিত সমিতি দেশের গণিত শিক্ষা, গবেষণা ও গণিতচর্চার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন, সেমিনার ও কর্মশালা আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এর মধ্যে ন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট ম্যাথমেটিক্স অলিম্পিয়াড (NUMO) অন্যতম।





