
ঠাকুর গাঁও জেলায় রুহিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তারঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
ঠাকুরগাঁও জেলায় রুহিয়ায় পানির পাম্প চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ৭৫ বছর বয়সী বিন্দুমতি রানীকে হত্যার মামলার প্রধান আসামি মানিককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে।
এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দিনাজপুরের এসআরবি-১৩ এবং ময়মনসিংহের এসআরবি-১৪ ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে চাপাতি গ্রামে নিজ বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় বিন্দুমতি রানীকে। পরিবারের সদস্যরা তাঁর মাথার পেছনে রক্ত দেখতে পান। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ সময় বাড়িতে স্থাপন করা তিনটি পানি তোলার পাম্পও চুরি হয়েছে বলে জানতে পারেন পরিবারের সদস্যরা।
পাম্প চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিন্দুমতি রানীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মিনত সরকার বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় হত্যা মামলা করেন। মামলাটি রুহিয়া থানার ৯ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তারের পর মানিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গুরুতর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।





