
ধামইরহাটে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন ও সরঞ্জামাদি বহনের অপরাধে সাইফ উদ্দিন (২৫) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত ১১ ঘটিকায় উপজেলার আড়ানগর ইউনিয়নের চকভবানী (ফতেহপুর বাজার সংলগ্ন) এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত সাইফ উদ্দিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকভবানী ফতেহপুর বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য গাঁজা সেবন ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি বহনের অপরাধে হাতেনাতে সাইফ উদ্দিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ধামইরহাট উপজেলা প্রশাসন।





