
শ্রীপুরে জমকালো আয়োজনে দৈনিক সমাচারের সুবর্ণজয়ন্তী উদযাপন, ৫০ বছরের পথচলায় শুভেচ্ছা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আল আমিন খান
‘সত্যের পক্ষে, মানুষের পাশে’—এই স্লোগানকে ধারণ করে গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি। বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির সুবর্ণজয়ন্তী পালন করেন স্থানীয় সাংবাদিক, অতিথি ও সুধীজনেরা।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে গাজীপুর ডাকবাংলো ভবনে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৭৬ সালে যাত্রা শুরু করা দৈনিক সমাচার দীর্ঘ পাঁচ দশকের পথচলা পেরিয়ে ২০২৬ সালে ৫০ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই সময়ে সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে পত্রিকাটি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞা বলেন, সংবাদপত্র রাষ্ট্র ও সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরে। দৈনিক সমাচারের ৫০ বছরের পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে। সত্য প্রকাশের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মান রক্ষার বিষয়েও সচেতন থাকতে হবে।
প্রধান মেহমান ডাঃ শফিকুল ইসলাম বলেন, একটি সংবাদপত্রের ৫০ বছর টিকে থাকা সহজ বিষয় নয়। এর পেছনে রয়েছে পাঠকের ভালোবাসা, সাংবাদিকদের শ্রম, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি গণমাধ্যম। মানুষের অধিকার, ন্যায়বিচার ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান আলোচক খোকন প্রধান বলেন, শ্রীপুরের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। দৈনিক সমাচারের ৫০ বছরের অর্জন সংবাদপত্রের প্রতি মানুষের আস্থার প্রতিফলন।
বিশেষ আলোচক টিপু সুলতান বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা ও সমাজের কল্যাণে কাজ করার গুরুত্বপূর্ণ মাধ্যম। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। দৈনিক সমাচারের ৫০ বছরের গৌরবময় পথচলা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের ১৯৯০ সালের সাধারণ সম্পাদক আব্দুছ সালাম রানা, সাংবাদিক কবির সরকার, আব্দুল লতিফ মাস্টার, রাতুল মন্ডল, আদনান মামুন, আবুল কালাম আজাদী, আনোয়ার খান, কামরুল মন্ডল, জহির খান, এরশাদ হোসাইন, মোমেন আকন্দ, আনোয়ার হোসেন, ফরহাদ রহমান, উসমান গনি, মোফাজ্জল হোসেন, সামি, নাঈম হোসাইন, আল আমিন খান, সুমন গাজী, রুবেল মিয়া, মহসিন মিয়া, আছলাম হোসেন, আশিকুর রহমান সবুজ, সবুজ মিয়া, ছোট নাঈম সরকার ও সোহানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া সমাজসেবক কতুব উদ্দিন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ, জাতি ও মানুষের কল্যাণে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক সমাচারের ৫০ বছরের পথচলা গণমাধ্যম অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন। আগামী দিনেও পত্রিকাটি পাঠকের আস্থা ও বিশ্বাস ধরে রেখে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আয়োজক ও দৈনিক সমাচারের গাজীপুর জেলা প্রতিনিধি আশরাফুল আলম সরকার বলেন, ৫০ বছরের এই গৌরবময় অর্জন শুধু একটি সংবাদপত্রের নয়, এটি পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। সবার সহযোগিতা ও ভালোবাসায় দৈনিক সমাচার আগামী দিনেও সত্যের পক্ষে থেকে মানুষের কথা তুলে ধরবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশগ্রহণকারী অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে অতিথি, সাংবাদিক ও উপস্থিত সুধীজনদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই দৈনিক সমাচারের দীর্ঘায়ু, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
পাঁচ দশকের গৌরব, সত্য প্রকাশের অঙ্গীকার—দৈনিক সমাচার এগিয়ে চলুক মানুষের পাশে।





