
কুড়িগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রধান আসামি স্বামী আলমগীর গ্রেপ্তার
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে স্ত্রী নাসরিন জাহানকে নির্যাতনের পর পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী মো. আলমগীর হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবির রংপুর ও জামালপুর ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে রংপুর এসআরবি-১৩।
গ্রেপ্তার আলমগীর উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামানির চর এলাকার মৃত নালু মিয়ার ছেলে। তিনি নিহত নাসরিন জাহানের স্বামী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে নাসরিনের সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলমগীরের পরিবারের পক্ষ থেকে যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে নাসরিনের বাবা নুর ইসলাম ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য নাসরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবার কাছে ফোন করেন নাসরিন। এ সময় তার বাবা ধান কেটে টাকা দেওয়ার আশ্বাস দেন। কিন্তু পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে নুর ইসলাম মেয়ের মৃত্যুর খবর পান। পরে পরিবারের সদস্যরা আলমগীরের বাড়িতে গিয়ে নাসরিনের শরীরের পিঠ, গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা নুর ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ও জামালপুর ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার করে। এর আগে গত ১ নভেম্বর এ মামলার আরেক আসামি মো. দুলালকে গ্রেপ্তার করেছিল এসআরবি-১৩।
রংপুর এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আলমগীরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
যৌতুকের দাবিতে নারী নির্যাতন ও হত্যার মতো অভিযোগ সমাজের জন্য গভীর উদ্বেগজনক। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।





