
কুড়িগ্রামে ত্রাণমন্ত্রীর ঘোষণা: বন্যা আশ্রয়কেন্দ্র বাড়বে, বজ্রপাত ঠেকাতে হবে বজ্র-আশ্রয় কেন্দ্র
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
উত্তরাঞ্চল ও হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় বড় পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, দেশের বন্যাপ্রবণ এলাকা ও চরাঞ্চলে আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় বজ্রপাত নিরোধক যন্ত্র সংবলিত বিশেষ বজ্র-আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। বিশেষ করে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের চরাঞ্চলে প্রতিনিয়ত বজ্রপাতে প্রাণহানির ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানান তিনি।
রোববার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন এলাকায় দাশেরহাটের ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, চলতি বছর সারাদেশে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন এবং আগামী পাঁচ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে ২০ কোটি গাছ রোপণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, খাল খনন শুধু পানি নিষ্কাশন বা জলাবদ্ধতা নিরসনের প্রকল্প নয়—এটি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার একটি শক্তিশালী উদ্যোগ। খালের পানি কৃষিকাজে ব্যবহার করা যাবে, মাছ চাষের সুযোগ বাড়বে, আর খালের পাড়ে বৃক্ষরোপণ করলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এতে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয় বাড়বে।
মন্ত্রী আরও বলেন, খালের মাছ ও বনায়নের লভ্যাংশ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, পানি সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মাছ ও গাছের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা আবারও বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, পূর্ণা আহবায়ক হাসিবুর রহমান হাসিব,আব্দুল আজিজ, সাবেক এমপি ওমর ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ,আজিজুল হক, সাইয়েদ আহমেদ বাবু, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়-এর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পরে কুড়িগ্রাম প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।





