
বালিয়াডাঙ্গীতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর–দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর জননেতা মাওলানা আব্দুল হাকিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দায়িত্ব একটি মহান আমানত। আল্লাহভীতি, তাকওয়া, ইখলাস ও আমানতদারিতার গুণে নিজেকে গড়ে তুলে কুরআন ও সুন্নাহর আলোকে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে হবে। বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের উত্তম চরিত্র, দাওয়াতি প্রজ্ঞা ও জনসেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। তিনি বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুলই একজন দায়িত্বশীল কর্মীর মূল শক্তি। ইসলামী আন্দোলনের প্রতিটি দায়িত্বশীলকে ত্যাগ, কুরবানি ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ এবং তায়বিয়্যাত সেক্রেটারি মাওলানা মো. সোলাইমান হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দায়িত্বশীল শিক্ষা শিবিরের শিক্ষা ও দিকনির্দেশনা আমাদের ব্যক্তি জীবন, সাংগঠনিক কার্যক্রম এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে, ইনশাআল্লাহ। আমরা আল্লাহর সন্তুষ্টিকে একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করে ইসলামী আন্দোলনের দায়িত্ব নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার অঙ্গীকার করছি।”
দিনব্যাপী শিক্ষা শিবিরে উপজেলার দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন। বিভিন্ন সেশনে কুরআন-সুন্নাহর আলোকে আদর্শিক, সাংগঠনিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশ্নোত্তর, মতবিনিময় এবং সমাপনী দোয়ার মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি হয়।





