
দলীয় সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ: তীব্র প্রতিবাদ জানালেন পূর্বধলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
সাগর আহমেদ জজ,,
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সদ্য গঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মী ও তৃণমূলের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ঘোষিত এই কমিটিকে ‘সাংগঠনিকভাবে দল দুর্বল করার চক্রান্ত’ হিসেবে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের যখন ঐক্যবদ্ধ থেকে লড়াই করা প্রয়োজন, ঠিক তখনই একটি মহল বিভ্রান্তিকর ভূমিকা পালন করছে। কমিটিতে দলের প্রতি নিবেদিত ও দুঃসময়ের পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তা সাংগঠনিকভাবে পূর্বধলায় দলকে আরও দুর্বল করে দেবে।
তৃণমূলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এক নেতা জানান:
”পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি যারা দায়িত্ব নিয়ে করেছেন, আমি মনে করি সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে দুর্বল করার জন্যই তা করা হয়েছে। এই দুঃসময়ে দল থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
নেতা-কর্মীদের দাবি, অবিলম্বে এই বিতর্কিত কমিটি পুনর্বিবেচনা বা বাতিল করে দলের ত্যাগী ও তৃণমূলের কর্মীদের আস্থাশীল ব্যক্তিদের সমন্বয়ে নতুন সাংগঠনিক কাঠামো গঠন করতে হবে। অন্যথায় তৃণমূল পর্যায়ে ক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় প্রবীণ রাজনীতিকরা।





