
মান্দায় শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগে
প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বাইকে আগুন
সজিব রহমান মান্দা প্রতিনিধি
শ্রেণিকক্ষে মারধর, ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিদ্যালয়ের নানা অনিয়মের প্রতিবাদে ফুসে উঠেছে নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষককে নিজ কক্ষে অবরুদ্ধ করে রেখে তাঁর মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ শ্রেণিকক্ষ, বৃষ্টির পানি পড়া এবং সন্ধ্যার পর মাদকের আড্ডার মতো নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। এসব বিষয়ে প্রতিকার চাইতে গেলে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে দুব্যবহার করতেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান। সম্প্রতি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির একাধিক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করা হলে এক ছাত্র অসুস্থ হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এছাড়া ছাত্রীদের সঙ্গে অশালীন ভাষা প্রয়োগ ও বিনা কারণে শাস্তির অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস রহমান জানান, প্রধান শিক্ষকের অনভিপ্রেত আচরণের কারণে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে অন্য স্কুলে চলে গেছে। অন্যদিকে, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, তবে এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।





