
প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ।
মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণে লাইভস্টক সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর) আয়োজিত ৩২তম বিএসভিইআর অ্যানুয়াল সায়েন্টিফিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল “Translating Veterinary Education and Research into Sustainable Livestock Development and Global Health”।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে প্রাণিসম্পদ খাতের নিবিড় সম্পর্ক রয়েছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি, গবেষণা ও দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। ভেটেরিনারি শিক্ষা ও গবেষণাকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দেশের প্রাণিসম্পদ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, ভেটেরিনারি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।





