
হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা
নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হরিপুর ইসলামীক ফাউন্ডেশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিয়েক্ট-ইন প্রকল্পের সহযোগিতায় এবং সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) এর প্রয়াস প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় ইউনিয়নভিত্তিক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় জনগণের চাহিদা, সমস্যা ও প্রয়োজনীয়তা চিহ্নিত করে সেসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যা, সেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগণের প্রত্যাশা নিয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা কমিউনিটি ক্লিনিকসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন সেবার ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এইচএ, এএইচআইসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে প্রকৃত সমস্যা চিহ্নিত করে প্রয়োজনভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে। বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।





