
প্রতিমন্ত্রীর নির্দেশে চিরানন্দকে গরু উপহার, পাশে দাঁড়ালেন এস এম আব্দুল্লাহ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী গ্রামে আলোচিত গরু চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত চিরানন্দ বাবুকে একটি গরু উপহার দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত চিরানন্দ বাবুর পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে তাঁকে গরুটি উপহার দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের শিক্ষক বাবু বিভূতিভূষণ মণ্ডল।
অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আলমগীর হোসেন, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আল মামুন, উপজেলা যুবদলের নেতা কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুল্লাহ বলেন, এলাকায় চুরি, মাদক ও সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য স্থানীয়দের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানে বাবু বিভূতিভূষণ মণ্ডল স্থানীয়দের মধ্যে সম্প্রীতি, সামাজিক শান্তি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এলাকার সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ বজায় রাখা জরুরি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। বক্তারা চুরি ও অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বাবু শশধর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গরু চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত চিরানন্দ বাবুর ক্ষতি কিছুটা লাঘবের উদ্দেশ্যে প্রতিমন্ত্রীর নির্দেশনায় তাঁকে একটি গরু উপহার দেওয়া হয়েছে।





