
ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়ঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি” প্রতিপাদ্যকে ধারন করে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬”-এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও এবং জনাব মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও।
অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ঠাকুরগাঁও জেলার ৮টি পুরুষ দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত খেলায় ঠাকুরগাঁও সদর থানার কাবাডি দল চ্যাম্পিয়ন এবং বালিয়াডাঙ্গী থানার কাবাডি দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে মেডেল ও ট্রফি প্রদান করা হয়।
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে ঠাকুরগাঁও কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও-এর কর্মকর্তাগন এবং কমিউনিটি পুলিশিং কমিটি, ঠাকুরগাঁও-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।





