
ধামইরহাটে মাওয়া নার্সারিতে নিষিদ্ধ ইউক্যালিপটাস বিক্রির দায়ে নার্সারি মালিককে জরিমানা, ৫০০ চারা ধ্বংস
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের দেওয়া সংবাদের ভিত্তিতে সরকার কর্তৃক নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রয়ের দায়ে এক নার্সারি মালিককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে নার্সারিতে থাকা ৫০০টিরও বেশি ইউক্যালিপটাস চারা জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রঘুনাথপুর বাজার সংলগ্ন ‘মাওয়া নার্সারি’তে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রঘুনাথপুর বাজারের মাওয়া নার্সারিতে ক্ষতিকর ও নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রি হচ্ছে—সাংবাদিকদের এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী তাহমিনা শারমিন। এ সময় ধামইরহাট উপজেলা কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অভিযানকালে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রির সত্যতা মেলায় নার্সারি মালিক মোঃ রুহুল আমিন স্বপন-কে অর্থদণ্ড প্রদান করা হয়।
সেই সঙ্গে নার্সারিতে থাকা প্রায় ৫০০টিরও বেশি ইউক্যালিপটাসের চারা জব্দ করে কেটে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা শারমিন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গাছের চারা উৎপাদন বা বিক্রি সম্পূর্ণ বেআইনি। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।





