
সারের দাবিতে সড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে শুরু বিতরণ।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ২২ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকায় যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ থেকে সার দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ডিলারের লোকজন বিতরণকেন্দ্রে না আসায় সকাল থেকেই অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় সার বিতরণ শুরু হয়।
কয়েকজন কৃষক বলেন, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও তারা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও বিতরণ শুরু না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন।
মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, সারের জন্য কৃষকদের ব্যাপক চাপ রয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। সকাল ১০টার আগেই কৃষকদের মধ্যে তাড়াহুড়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা সড়ক অবরোধ করেন। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং তা শেষের পথে।
উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, হাতিয়া অনন্তপুর বাজারের সার বিতরণ কেন্দ্রে বিপুলসংখ্যক কৃষকের উপস্থিতির কারণে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। পরে ইউএনও ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, সকাল ৮টায় সার বিতরণের কথা ছিল। কিন্তু কৃষকদের ব্যাপক চাপ থাকায় ডিলারের লোকজন বিতরণ শুরু করতে কিছুটা পিছিয়ে ছিলেন। দেরি হওয়ায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার বিতরণ শুরু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।





