
নেত্রকোনায় এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
সাগর আহমেদ জজ,,
(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় সরকারি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত একটি এতিমখানায় খাবারের মান নিয়ে অভিযোগ উঠেছে। গত ২২ সেপ্টেম্বর সকালে খাবার খাওয়ার পর ১৮ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাঁদের কয়েকজনের ডায়রিয়ার উপসর্গ দেখা দিলে ময়মনসিংহের এসকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে এতিমখানাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ঘটনাটি উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামের দারুল আমান এতিমখানায়।
অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২২ সেপ্টেম্বর সকালে শিক্ষার্থীদের আগের দিনের খাবার পরিবেশন করা হয়েছিল। ওই খাবার খাওয়ার পর শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে বলে তাঁদের দাবি।
এ ঘটনায় এতিমখানাটির খাবার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি অনুদান পাওয়ার পরও খাবারের মান নিয়ে অভিযোগ ওঠায় অনুদানের ব্যবহার, শিক্ষার্থীদের তালিকা এবং খাবার সরবরাহের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন।
তবে আগের দিনের খাবার খাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এতিমখানার পরিচালক ও তালিমাত-ই-ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুফতি আতাউল মোস্তফা রেজভী সুন্নী আল কাদরী বলেন, হঠাৎ করে এতিমখানার ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছে।
এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি জানি না। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর সরকারি অনুদানের ব্যবহার, এতিমখানার খাবারের ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়গুলো তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন তাঁরা।





