
যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
মোঃযায়েদ আলী জাহিদ
যশোর জেলা প্রতিনিধি।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছায় র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে মহড়া প্রদর্শন করা হয়।
উক্ত অনুষ্ঠানে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





