
সিলেট সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল ৪৮ বিজিবি
বিলাল উদ্দিন , সিলেট:
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া ও বিছনাকান্দি বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় মদ, গরু, টমেটো, কম্বল, বিভিন্ন ধরনের ফল, চা-পাতা, চকলেট, কসমেটিকস, কিসমিস, এনার্জি ড্রিংকস ও আতশবাজিসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





