
নিগুয়ারীতে বিএনপির ঐক্যের ডাক ইয়াসিন খানের,এমপি আখতারুজ্জামান বাচ্চুর হাত শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: আল আমিন খান
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার অঙ্গীকারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক অন্যতম সদস্য ও নিগুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন খান।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় নিগুয়ারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাকুয়া গ্রামে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জব্বার শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন খান। দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিগুয়ারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী ফরিদ খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিগুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী মুনির, যুবদল নেতা রুবেল খান, সাইফুল ইসলাম কানন, আসাদুল খান, বিএনপি নেতা আজিজুল হক ও সিরাজ খান, স্বেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম, জসিম ও সোহেলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ওলামা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন খান বলেন, “আমাদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর হাতকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আপনারা এমন একজন সংসদ সদস্য পেয়েছেন, যার সঙ্গে কথা বলতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। একজন দিনমজুর থেকে শুরু করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সরাসরি তাঁর সঙ্গে কথা বলতে পারেন।”
তিনি আরও বলেন, সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু সব সময় এলাকার মানুষের কথা চিন্তা করেন এবং জনগণের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উত্তর ও দক্ষিণ গফরগাঁওকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে ইয়াসিন খান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ এবং উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তার কথা সরাসরি তাঁকে অথবা সংসদ সদস্যের কাছে লিখিতভাবে জানানোর জন্য। জনগণের সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর হাতকে শক্তিশালী করে এলাকার সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাই মিলেমিশে কাজ করি।”
সভায় অন্যান্য বক্তারাও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।





