
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ইমন মিয়া
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগকারী এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাব এলাকা থেকে শুরু হয়ে বস্তল, তালতলা ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রভাকরদী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন এবং ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন জাসাসের সিনিয়র সহ-সভাপতি মো. সোলায়মান, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেওয়ান সাব্বির, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ও সামির হোসেন, ছাত্রদল নেতা হাবিবুর রহমান রনি এবং যুবদল নেতা শুক্কুর আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা ছাত্রলীগের ডাকা লকডাউন ও ধর্মঘটের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।





