
গোয়াইনঘাটে ৮৩৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ
বিলাল উদ্দিন, সিলেট (গোয়াইনঘাট) প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৮৩৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
শনিবার (১৪ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলা খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, কারিগরি খাদ্য পরিদর্শক আব্দুস শহিদ মাহবুব, বিএনপি নেতা আব্দুস শুক্কুর মেম্বারসহ স্থানীয় কৃষক, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। প্রকৃত ও তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরকারি নিয়মনীতি অনুসরণ করে এ ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি কোনো মধ্যস্বত্বভোগী যাতে এ কার্যক্রমে অনিয়মের সুযোগ নিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি রাখা হবে।
তারা আরও জানান, সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বাজারে ধানের মূল্য স্থিতিশীল রাখা এবং সরকারি খাদ্য মজুত সমৃদ্ধ করা। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন কর্মকর্তারা।





