
বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধি:
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী তিন মাসব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬” কর্মসূচির উদ্বোধনের পরপরই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বীরগঞ্জ জনাব সুমা খাতুনের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় পৌর প্রশাসক জনাব দীপংকর বর্মন উপস্থিত ছিলেন।
অভিযানে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা শাখার কর্মীবৃন্দ, বিএনসিসি ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল ও জমে থাকা পানি অপসারণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় জনসাধারণকে নিজ নিজ বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি।”





