
আজুগরা বেরিবাদে মাদকবিরোধী অভিযানে ১৯ পোটলা হেরোইন ও ১৬ পিস ইয়াবাসহ আটক এক
মোহাম্মদ হাবিবুর রহমান বেলকুচি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল চর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ পোটলা হেরোইন ও ১৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বুধবার (৪ নভেম্বর) সাবেক ছাত্রনেতা ও ২০১৬ সালে ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এম এ কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধ এবং এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে বেতিল চর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ১৯ পোটলা হেরোইন ও ১৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, হাজী আব্দুল মান্নান ফকির, এনায়েতপুর থানা বিএনপির নেতা ও মেম্বার পদপ্রার্থী শরিফুল ইসলাম শরীফ, যুবদলের নেতা সারোয়ার হোসেন, যুবদলের নেতা মিজানুর রহমান, দৌলতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিলন শেখসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এম এ কাশেম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।
তাঁরা আরও বলেন, বেতিল চরসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এ বিষয়ে এনায়েতপুর থানা পুলিশের কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”





