
নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থী ইমনের
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামের এক তরুণ শিক্ষার্থী নিহত হয়েছেন। একমাত্র সন্তানকে হারিয়ে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন নওগাঁর ধামইরহাট উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তরুণ শিক্ষার্থী ইমন তার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নিজ গন্তব্যের দিকে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে তিনি উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইমন ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং রক্তক্ষরণে ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।
দুর্ঘটনার পরপরই আশপাশের স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। একমাত্র ছেলেকে এভাবে হঠাৎ হারিয়ে হাসপাতালের জরুরি বিভাগে শোকস্তব্ধ পরিবারের সদস্যদের কান্নায় এক ভারী পরিবেশের সৃষ্টি হয়।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





