
রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর জালিয়াতি ও প্রতারণা
হাফেজা হতে এসে বাল্যবিয়ে ও জালিয়াতির শিকার কিশোরী, স্ট্যাম্পে সই নিয়ে ২ লাখ টাকা দাবির অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে!
শহীদুল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের কোমরগঞ্জ বাজারের পাশে অবস্থিত মুরআলীপুর গ্রামে এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা ঘটেছে। ১৪ বছর বয়সী এক অসহায় কিশোরীর সরলতার সুযোগ নিয়ে, ব্যাংকের টাকা উত্তোলন করার মিথ্যা প্রলোভন দেখিয়ে এবং কৌশলে দুটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ২ (দুই) লক্ষ টাকা দাবি করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।
অনুসন্ধানে জানা যায়, ঘটনার সূত্রপাত প্রায় তিন বছর আগে। ভুক্তভোগী কিশোরী জিমু আক্তারের বয়স যখন মাত্র ১১ বছর, তখন সে পবিত্র কুরআন শিক্ষার উদ্দেশ্যে মিঠাপুকুরের কোমরগঞ্জ বাজার সংলগ্ন ‘আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা ক্যাডেট মাদ্রাসা’য় হাফেজা হওয়ার জন্য ভর্তি হয়েছিল। কিন্তু হতভাগ্য সেই শিশুটি ভাবতেও পারেনি যে, খোদ মাদ্রাসার মোহতামিমের (অধ্যক্ষ) আপন বড় ভাই আশরাফুল ইসলামের কূ-নজর পড়বে তার ওপর। জিমুর পরিবার অত্যন্ত দরিদ্র। বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর থেকে সে তার বৃদ্ধ ও হতদরিদ্র দাদার বাড়িতেই বড় হচ্ছিল।
মাদ্রাসায় আসার পর থেকেই অসহায় দরিদ্র পরিবারটিকে বিভিন্ন প্রলোভন ও প্রবঞ্চনার জালে ফাঁসানো হয়। একপর্যায়ে শিশু জিমু আক্তারকে ১ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন আশরাফুল ইসলাম। এই বাল্যবিয়েটি পড়ান আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা ক্যাডেট মাদ্রাসার কর্ণধর তথা অভিযুক্ত আশরাফুলের ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান। একজন নাবালিকা শিশুর বিয়ে তিনি কীভাবে পড়ালেন, এ বিষয়ে পরবর্তীতে তার কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
বিয়ের পর থেকে শিশু জিমু আক্তার নানাবিধ শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে প্রায় তিন বছর আশরাফুলের সংসারে অতিবাহিত করে। এরই মধ্যে আশরাফুলের পূর্বের (তালাকপ্রাপ্ত) স্ত্রীর সঙ্গে যোগাযোগ ও কথা বলাকে কেন্দ্র করে তাদের সংসারে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এই সুযোগে আশরাফুল এক সুদূরপ্রসারী ও সুকৌশলী পরিকল্পনা আঁটেন। তিনি তার নাবালিকা দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে একটি ১০০ টাকা এবং একটি ৫০ টাকার ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন।
স্বাক্ষর নেওয়ার পরপরই আশরাফুল তার কিশোরী স্ত্রীকে দাদার বাড়িতে পাঠিয়ে দেন এবং বিবাহবিচ্ছেদের নোটিশ (তালাকনামা) প্রেরণ করেন। পরবর্তীতে জিমু যেন মোহরানার টাকা দাবি করতে না পারে, সেজন্য সেই পূর্বের ফাঁকা স্বাক্ষরযুক্ত স্ট্যাম্প দুটিতে ২ লক্ষ টাকা কর্জ (ঋণ) নেওয়া হয়েছে মর্মে ভুয়া চুক্তিপত্র তৈরি করা হয়। সম্প্রতি সেই ভুয়া চুক্তির ভিত্তিতে ভুক্তভোগী জিমু আক্তারের নিকট ২ লক্ষ টাকা দাবি করে একটি আইনি নোটিশ (উকিল নোটিশ) পাঠিয়েছে প্রতারক চক্রটি।
এ বিষয়ে ভুক্তভোগী কিশোরী জিমু আক্তার কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদককে বলে, “আমরা গরীব, তাই সমাজে আমাদের কোনো বিচার নেই। আমার সঙ্গে আশরাফুল চরম প্রতারণা করেছে। আমি হাফেজা হওয়ার জন্য মাদ্রাসায় গিয়েছিলাম। কিন্তু হুজুরের বড় ভাই আশরাফুল সেই শিশু বয়সেই আমাকে ফুসলিয়ে বিয়ে করেন। তখন বিয়ের কোনো কাবিননামা না থাকায় আমাকে বলেছিল— এই নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে রাখো, সময়-সুযোগ বুঝে পরে এটি দিয়ে বিয়ের আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে। আমি সরল বিশ্বাসে সই করেছিলাম। কিন্তু কে জানত এই স্ট্যাম্প দুটিই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে! ছোটবেলা থেকে বাবা-মা ছাড়াই দাদার বাড়িতে বড় হয়েছি। এখন আমার স্বামী আমাকে তালাক দিয়ে উল্টো বলছে আমি নাকি আমার দাদাকে নিয়ে তার কাছ থেকে ২ লাখ টাকা ধার নিয়েছি। আমি দেশবাসী ও প্রশাসনের কাছে এই প্রতারকের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
জিমুর বৃদ্ধ দাদা অত্যন্ত ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা মূর্খ মানুষ, মাছের ব্যবসা করে কোনোমতে অভাবের সংসার চালাই। নাতনিকে দ্বীনি শিক্ষা দিতে মাদ্রাসায় পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে তার পড়াশোনা হলো না। নানারকম লোভ দেখিয়ে মাদ্রাসার হুজুরের বড় ভাইয়ের সাথে নাতনির বিয়ে দেওয়া হয়। নাতনির সুখের কথা চিন্তা করে জীবনের কষ্টার্জিত শেষ সম্বল বিক্রি করে ঘরের ফার্নিচার, ফ্রিজ ও গরুসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছিলাম। কিন্তু তারা আমার ফুটফুটে নাতনিকে তাড়িয়ে দিয়ে তালাকের কাগজ পাঠাবে তা কল্পনাও করিনি। আমি মূর্খ হলেও এতটুকু জানি যে, নাবালক শিশু কখনো স্ট্যাম্পে লিখিত চুক্তি করতে পারে না। তারা কীভাবে এই জালিয়াতি করল? আমরা এর শেষ দেখতে আদালতে যাব।”
বিষয়টি নিয়ে ৬নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য উভয় পক্ষকে ডেকেছিলাম। মেয়ে পক্ষ ইউনিয়ন পরিষদে উপস্থিত হলেও ছেলে পক্ষ আসেনি, তারা আইনকে তোয়াক্কা করছে না। মেয়েটিকে আইনিভাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা তা সর্বোচ্চ দিয়ে করব।”
এই জালিয়াতির বিষয়ে ঢাকা বারের সিনিয়র আইনজীবী সাইফুল ইসলাম আইনি ব্যাখ্যা দিয়ে বলেন, “বাংলাদেশের রাষ্ট্রীয় ও প্রচলিত আইন অনুযায়ী, একজন শিশু বা নাবালিকা কিশোরী কখনোই কোনো ধরনের আইনি চুক্তিনামা সম্পাদন বা স্বাক্ষর করতে পারে না। নাবালিকার স্বাক্ষরযুক্ত এমন চুক্তি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ, বাতিল এবং শাস্তিযোগ্য অপরাধ।”





