
কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ।
নিজ্জ্বল সাহা
ষ্টাফ রিপোর্টার।
তিন বছরের শিশুসন্তান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। স্বামীও খোঁজখবর নেন না। অসুস্থ সন্তানকে বাঁচাতে কখনো অন্যের কাছে হাত পাততে হয় মা নার্গিস আক্তারকে। তবু চিকিৎসার খরচ জোগাতে পারেন না। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ছুটে এসেছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে।
অন্যদিকে ছোটবেলা থেকেই চোখের সমস্যায় ভুগছেন মুহাম্মদ নুরুল কবির। এখন এক চোখে কিছুই দেখতে পান না। চিকিৎসকের পরামর্শ, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু সংসার চালানো, দুই সন্তানের পড়ালেখা ও চিকিৎসার খরচ মেটাতে গিয়ে নিজের চিকিৎসাই অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর।
কেবল নার্গিস কিংবা নুরুল কবির নন, এমন নানা সংকট নিয়ে বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়েছিলেন আরও অনেকে। কেউ এসেছিলেন সন্তানের চিকিৎসার জন্য, কেউ নিজের জীবন বাঁচাতে, কেউবা পড়ালেখা চালিয়ে যাওয়ার শেষ আশাটুকু নিয়ে।
তাঁদের প্রত্যেকের কথা আলাদাভাবে মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অসহায় মানুষের দুর্দশার কথা শুনে আর্থিক সহায়তা দেন তিনি।
বেলা ১১টায় শুরু হওয়া গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে ১৬ জন সেবাপ্রত্যাশী অংশ নেন। অনলাইনে যুক্ত হন একজন প্রবাসী। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন শারীরিকভাবে অসুস্থ ও অসহায় আটজন এবং একজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
### সন্তানকে বাঁচাতে মায়ের লড়াই
চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার নার্গিস আক্তারের তিন সন্তান। তিন বছর পাঁচ মাস বয়সী ছোট ছেলে আরাবী হোসেন আলিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। অন্য দুই মেয়েও প্রায়ই অসুস্থ থাকে। নার্গিস নিজেও হৃদরোগে ভুগছেন।
তাঁর আবেদনের ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছর ধরে স্বামী তাঁদের খোঁজখবর নেন না। তিন সন্তানকে নিয়ে চরম অভাবের মধ্যে দিন কাটছে। কখনো ভিক্ষা করে সংসার চালাতে হয়। অসুস্থ সন্তানদের চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য নেই।
সন্তানকে বাঁচানোর আকুতি নিয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে হাজির হন নার্গিস। তাঁর দুর্দশার কথা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
একই রকম দুশ্চিন্তা নিয়ে এসেছিলেন চাঁদগাঁও এলাকার মোছাম্মৎ তাহমিনা বেগম। তাঁর শিশু সন্তান মোহাম্মদ ওসমান গণি আকাশ মস্তিষ্কের সংক্রমণে আক্রান্ত।
গত ১৯ আগস্ট শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ অক্টোবর ছাড়পত্র দেওয়া হলেও চিকিৎসা শেষ হয়নি। মায়ের আবেদনের তথ্য অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে শিশুটির আরও প্রায় এক বছর চিকিৎসা প্রয়োজন।
অসুস্থ ছেলেকে দেখাশোনা করতে গিয়ে কোনো কাজ করতে পারছেন না তাহমিনা। অন্যের সাহায্যে কোনোমতে চলছে সংসার। দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
সন্তানের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে গণশুনানিতে আসেন তিনি। তাঁর অসহায়ত্বের কথা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
### চোখের আলো হারানোর শঙ্কায় নুরুল কবির
পটিয়ার চরকানাই এলাকার মুহাম্মদ নুরুল কবির ছোটবেলা থেকেই চোখের সমস্যায় ভুগছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে দৃষ্টিশক্তি। বর্তমানে এক চোখে কিছুই দেখতে পান না বলে জানিয়েছেন তিনি।
চট্টগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের একটি দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন নুরুল কবির। অথচ চোখের জটিলতার কারণে চিকিৎসক তাঁকে কম্পিউটারে কাজ না করার পরামর্শ দিয়েছেন।
তাঁর দুই ছেলেরও চোখের সমস্যা রয়েছে। নিয়মিত চিকিৎসা ও চশমা পরিবর্তন করতে হয়। এর সঙ্গে নিজের রক্তশূন্যতা ও দীর্ঘদিনের চর্মরোগের চিকিৎসার ব্যয়ও রয়েছে।
সংসারের খরচ, সন্তানদের পড়ালেখা ও ব্যাংকঋণের কিস্তি মেটাতে গিয়ে দিশাহারা নুরুল কবির। চিকিৎসা ও পরিবারের প্রয়োজন মেটাতে দুই লাখ টাকা সহায়তা চেয়ে আবেদন করেন তিনি।
গণশুনানিতে তাঁর দুর্ভোগের কথা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
### পা হারিয়ে জীবিকার পথও বন্ধ
একসময় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে সংসার চালাতেন ফজল করিম। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাঁর পায়ে সংক্রমণ ও পচন দেখা দেয়। শেষ পর্যন্ত একটি পা হারাতে হয় তাঁকে।
এরপর বদলে যায় তাঁর জীবন। কর্মক্ষমতা হারিয়ে বন্ধ হয়ে যায় আয়রোজগার। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকট আরও বেড়েছে।
কাজের সন্ধানে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েও সুযোগ পাননি। মেয়ের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন। আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারছেন না বলে আবেদনে জানিয়েছেন।
অসহায় অবস্থায় জেলা প্রশাসকের কাছে সাহায্য চান ফজল করিম। তাঁর কথা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।





