
ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে কুড়িগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জননিরাপত্তা ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় পুলিশের এমন অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
১২ নভেম্বর ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর থানাধীন ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫০ বোতল ইস্কাফসহ মোঃ রাজু ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।
গ্রেপ্তারকৃত রাজু ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ আব্দুর রাজ্জাক।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্কাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।





