
২৭ বছর ধরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, ন্যায়বিচারের আশায় অসহায় পরিবার
আকরাম হোসেন
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩ নং পুটিখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে দীর্ঘ ২৭ বছর ধরে পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করে ভোগদখল করার অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুর বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা তাদেরই চাচাতো ভাই এবং প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য সম্পত্তি দখল করে রেখেছেন।
অভিযুক্তরা হলেন- মোঃ শাহিন হাওলাদার (পিতা: মৃত বাদশা হাওলাদার), মোঃ লুৎফুর রহমান হাওলাদার (পিতা: মৃত আবুল কাশেম হাওলাদার) এবং মোঃ বাদল হাওলাদার (পিতা: মৃত আবুল কাশেম হাওলাদার)। তাদের সবার বাড়ি পুটিখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে।
অন্যদিকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির বৈধ দাবিদার হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন মরহুম মেম্বার আশ্বাবালী হাওলাদারের সন্তান মোঃ মশিউর রহমান হাওলাদার, মোঃ দুলাল হাওলাদার, মোঃ জাহিদুল ইসলাম হাওলাদার, মোঃ বাবুল হাওলাদার, তাহমিনা বেগম, শেফালী বেগম, আকলিমা বেগম ও মুকুল বেগম।
সম্প্রতি তারা একত্রিত হয়ে অভিযোগ করেন, তাদের প্রায় চার বিঘা ছয় কাঠা পৈতৃক সম্পত্তি দীর্ঘ ২৭ বছর ধরে অবৈধভাবে রেকর্ড করে জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছেন অভিযুক্তরা। জমির ন্যায্য হিস্যা চাইতে গেলে বিভিন্ন সময়ে তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী মোঃ মশিউর রহমান হাওলাদার বলেন, “এটি আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা গরিব ও অসহায় মানুষ। প্রভাবশালীদের ভয়ে এতদিন কোনো প্রতিকার পাইনি। দীর্ঘদিন ধরে তারা আমাদের জমি দখল করে ভোগ করছে। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।”
ঘটনাস্থলে উপস্থিত ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মাসুদ আলম বলেন, “অভিযোগের বিষয়টি সত্য। ভুক্তভোগীরা আমার আত্মীয়-স্বজন ও একই বংশের লোক। আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং ন্যায়সঙ্গত সমাধানের জন্য তাদের পাশে আছি।”
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, ভুক্তভোগী পরিবারটি দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ লুৎফুর রহমান হাওলাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে জানান, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “মোড়েলগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম বাবুল বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন। তিনি চার মাস সময় নিয়েছেন। এর মধ্যে উভয় পক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সরকারি আমিনের উপস্থিতিতে জমির সীমানা ও মালিকানা যাচাই করা হবে। জমি যার প্রাপ্য, তাকে বুঝিয়ে দেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, দীর্ঘদিনের এ বিরোধ নিরসনে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে প্রকৃত মালিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পান এবং এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়।





