
জৈন্তাপুরের সচেতন যুব সমাজ ও জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির যৌথ উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় জৈন্তাপুর সদরে মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টার:আলমগীর হোসেন
বিজয়২৪ টিভি প্রতিনিধি
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক, তরুণ সমাজ ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মাদকমুক্ত জৈন্তাপুর গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতাই পারে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে।
মানববন্ধন শেষে উপস্থিত সকলেই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





