
গাজীপুরে পুলিশের অভিযানে সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মুকুল আটক
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা জেলার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের দিকনির্দেশনায় সাঘাটা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি সমন্বিত আভিযানিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, সাইফুল্লাহ বারী হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের গাছা থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে মোখলেছুর রহমান মুকুলকে আটক করা হয়।
এ মামলায় এর আগে আরও তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে।





