
ইয়াবাসহ ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি মোজাম গ্রেফতার
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।
ইয়াবাসহ মোট ৩২টি মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক কারবারি মোজাম্মেল হক ওরফে মোজামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কৌশলে আত্মগোপনে থাকলেও আজ রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার তেরকোনিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোজাম্মেল হক (মোজাম) বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকোনিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন অভিযোগে মোট ৩২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অসংখ্য মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতেন, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।
স্থানীয়রা দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে সমাজের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





