
বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাড়বকুন্ড স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ডা. কমল কদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিম।
অনুষ্ঠানে ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
কর্মী সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক সিঃ যুগ্ম আহবায়ক, শাহাবুদ্দিন রাজু, বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন (রাসেল), চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবারক আলী, সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক, মো. ইলিয়াছ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামীতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। বিশেষ করে বিগত সরকারের আমলে যারা রাজনৈতিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েও দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান তারা। একইসঙ্গে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুরা যাতে কোনোভাবে দলের কমিটিতে স্থান না পায়, সেদিকে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, “সীতাকুণ্ড-৪ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তাঁর দিকনির্দেশনায় প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করা হবে।”
তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে যারা দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এবং মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের সম্মানের সঙ্গে মূল্যায়ন করা হবে। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে দলের কোনো পদ-পদবি দেওয়া হবে না।”
সমাপনী বক্তব্যে সভাপতি ডা. কমল কদর বলেন, “১নং সৈয়দপুর থেকে ৯নং সলিমপুর পর্যন্ত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড নতুনভাবে ঢেলে সাজানো হবে। দলের দুঃসময়ে যারা নিষ্ঠার সঙ্গে বিএনপির রাজনীতি করেছেন, লায়ন আসলাম চৌধুরীর নির্দেশনায় তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।”





