
ফরিদপুর নিউমার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা
মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র্যাব। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ‘জনতা স্টোর’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেটের জনতা স্টোরে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফারহান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব রহমান আকাশ।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনতা স্টোরে নিষিদ্ধ কারেন্ট জাল মজুত ও বিক্রির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠানটির কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও মজুতের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, মজুত ও বিপণন বন্ধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





