
যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমানের জাতীয় পতাকা অবমাননা করে করে বক্তব্য প্রদান:সচেতন মহলের ক্ষোভ
যশোর প্রতিনিধি:
রফিকুল ইসলাম সবুজ
বিদ্যুৎ সংকটের এই সময়ে দিনের আলোতেই ঘণ্টার পর ঘণ্টা অনবরত জ্বলছে বাতি, অনর্থক ঘুরছে ফ্যান। কিন্তু সেই একই প্রাঙ্গণে যথানিয়মে উত্তোলন করা হয় না দেশের জাতীয় পতাকা—এমনই চিত্র ফুটে উঠেছে যশোর সদর এলএসডি (স্থানীয় খাদ্য সরবরাহ ও সংরক্ষণাগার) অফিসে।
সম্প্রতি এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জাতীয় পতাকা উত্তোলনের মতো রাষ্ট্রীয় আইনি ও সাংবিধানিক দায়িত্ব পালন না করে দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তারা দেখাচ্ছেন চরম উদাসীনতা।
বিষয়টি নিয়ে যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোনো গঠনমূলক পদক্ষেপ নেওয়ার বদলে উসকানিমূলক মন্তব্য করে বলেন, “নিউজ তো করেই ফেলেছেন, আরো নিউজ করেন—ঠিক হয়ে যাবে।”
একজন দায়িত্বশীল উর্ধ্বতন কর্মকর্তার মুখে এমন বক্তব্য স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে। জাতীয় পতাকা প্রতিটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব, জাতীয় সম্মান ও পরিচয়ের প্রতীক। জাতীয় পতাকার সঠিক সম্মান না দেওয়া এবং এ সম্পর্কিত বিষয়ে এমন তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আইনের প্রতি অবমাননাকর বলে মনে করছেন বিজ্ঞ মহল।
প্রশাসনের এমন বেপরোয়া ও উদাসীন আচরণকে রাষ্ট্রের নিয়ম-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজ। অবিলম্বে যশোর খাদ্য বিভাগের এই অব্যবস্থাপনা এবং জাতীয় পতাকার অবমাননাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।





