
ওমেদপুর ১০ শয্যা হাসপাতাল ডাক্তার সংকটে অচল, চরম
ভোগান্তিতে এলাকাবাসি
ইমন মাগুরা,মহম্মদপুর প্রতিনিধি
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ওমেদপুর ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও জনবল ঘাটতির কারণে কার্যত অচল হয়ে পড়েছে। তিনতলা বিশিষ্ট হাসপাতাল ভবন থাকলেও নেই কোনো এমবিবিএস ডাক্তার। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের টিকিট কাউন্টারে জং ধরে গেছে। অপারেশন থিয়েটার (ওটি) থাকলেও বছরের পর বছর ব্যবহার হচ্ছে না। প্রয়োজনীয় ঔষধ সরবরাহ না থাকায় রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। ছোটখাটো রোগের চিকিৎসার জন্যও অনেককে দূরের হাসপাতালে যেতে হচ্ছে।
বর্তমানে হাসপাতালে মাত্র দুইজন কর্মরত রয়েছেন। তারা হলেন নাজমা বেগম (FWV) এবং অনামিকা ঘোষ (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার)। তবে অনামিকা ঘোষ মূলত বালিদিয়া পোস্টে সংযুক্ত রয়েছেন।
অনামিকা ঘোষ জানান, হাসপাতালে মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে কোনো মেডিকেল অফিসার নেই। এছাড়াও নিরাপত্তা প্রহরীসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। পোস্ট থাকলেও নেই কোনো নিয়োগ।
স্থানীয়দের অভিযোগ, রাতে জরুরি রোগী এলে চিকিৎসা না পেয়ে অনেক সময় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা শহরে নিতে হয়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে রোগীর ঝুঁকি। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেক রোগী হাসপাতালে এসে ডাক্তার না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
এলাকাবাসী দ্রুত হাসপাতালে এমবিবিএস ডাক্তারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিত এবং হাসপাতালের সকল সেবা চালুর দাবি জানিয়েছেন। তাদের আশা, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে ওমেদপুর ১০ শয্যা হাসপাতালটি আবারও পূর্ণাঙ্গভাবে স্বাস্থ্যসেবা দিতে সক্ষম হবে।





