
ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
আজ ৯ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন শেরপুর সদর উপজেলার লসমনপুর ইউনিয়ন পরিষদ, ৭১ নং চক সাহাব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লসমনপুর ইউনিয়ন ভূমি অফিস এবং বলাইরচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে তিনি লসমনপুর ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের সার্বিক কার্যক্রম ও অবকাঠামোগত অবস্থা পর্যালোচনা করেন। ইউনিয়ন পরিষদ ভবনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে তিনি স্থানীয় তহবিল থেকে সংস্কার কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনগণের জন্য আরও কার্যকর ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ দেন।
পরে জেলা প্রশাসক ৭১ নং চক সাহাব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম ও সামগ্রিক শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় শিক্ষার্থী উপস্থিতির নিম্নহার, মোট ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা কম থাকা এবং শ্রেণিকক্ষে শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হয়। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক লসমনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে আসা এক সেবাগ্রহীতার হাতে দাখিলা তুলে দেন এবং ভূমি অফিসে প্রাপ্ত বিভিন্ন সেবার মান সম্পর্কে জানতে চান। সেবাগ্রহীতা ভূমি অফিসের সেবার প্রতি সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক ভূমি অফিস প্রাঙ্গণে গড়ে তোলা ফলদ বাগানের ভূয়সী প্রশংসা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের ভূমিসেবা গ্রহণে আগত জনগণকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সঙ্গে সেবা প্রদানের নির্দেশনা দেন।
শেষে তিনি বলাইরচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, নথিপত্র এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)-এর কার্যক্রম পর্যালোচনা করেন। জনগণের দোরগোড়ায় আর মানসম্মত সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে।





