
ধামইরহাটের আগ্রাদিগুণ সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ আটক ২ মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী আগ্রাদিগুণ এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আগ্রাদিগুণ বিওপির (বর্ডার আউটপোস্ট) সদস্যরা সীমান্ত সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাদিগুণ বিওপির দায়িত্বরত একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। পরে তাদের কাছে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ সরকারি নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত উদ্দীপক ও মাদকজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কারবারের সাথে জড়িত বলে জানা গেছে।এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এই এলাকাটি দিয়ে দীর্ঘদিন ধরেই একটি চক্র সিন্ডিকেট করে মাদক চোরাচালান চালিয়ে আসছিল। বিজিবির আজকের এই সফল ও আকস্মিক অভিযানে মাদক কারবারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার সচেতন মহল বিজিবির এই জোরালো ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





