
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি ও চূড়ান্ত মনোনয়ন অনুমোদন।
আল আমিন সুমন আহমদ
উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর শিক্ষার্থীদের বিদ্যমান বৃত্তির পরিমাণ বৃদ্ধি এবং বিভিন্ন বৃত্তির চূড়ান্ত মনোনয়ন অনুমোদন করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন, ২০২৬) সকাল ১১ টায় প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত “বিশ্ববিদ্যালয় সার্বিক বৃত্তি ব্যবস্থাপনা পর্ষদ” এর সভায় এই সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: সাজেদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. শাহিদুল হক, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, অতিরিক্ত রেজিস্ট্রার আ. ফ. ম. মিফতাউল হক, অতিরিক্ত রেজিস্ট্রার মোছাঃ সাবিহা ইয়াছমিন এবং কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ ফয়ছল আহমদ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় : বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২১: এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের চূড়ান্ত মনোনয়ন অনুমোদন করা হয়েছে। মাউশি বৃত্তি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক স্নাতক সম্মান ফলাফলের ওপর ভিত্তি করে শাবিপ্রবি নীতিমালা অনুযায়ী মেধা ও সাধারণ বৃত্তির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। বৃত্তির পরিমাণ বৃদ্ধি: বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বিদ্যমান সাধারণ ও মেধা বৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া, মাউশি-এর নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে মোট ১২টি মেধা বৃত্তি এবং ১৪১টি সাধারণ বৃত্তিসহ সর্বমোট ১৫৩টি বৃত্তির চূড়ান্ত মনোনয়ন সম্পন্ন হয়েছে।
মোঃ ফজলুর রহমান
অতিরিক্ত রেজিস্ট্রার (জনসংযোগ শাখা)





