
নাগরপুরের গয়হাটায় বিবাহিত বনাম অবিবাহিতদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
“মাদকমুক্ত সমাজ গড়ি, আসুন সবাই খেলাধুলায় অংশগ্রহণ করি”- এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা কইটোলায় বিবাহিত ও অবিবাহিতদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৩ জুলাই বিকেল ৫টায় কইটোলা মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিশিষ্ট সমাজসেবক বিপ্লব সেনের সভাপতিত্বে জহুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মেহেদী হাসান রয়েল।
এছাড়া উক্ত প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে অবিবাহিত টিম জয়লাভ করে।
ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





