
শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের ২১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
আজ ৫ জুলাই, ২০২৬ তারিখ, রোববার বিকেল সাড়ে ৫টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেন্দ্রীয় মিলনায়তনে লোকপ্রশাসন বিভাগের ২১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান ‘লোকপ্রশাসনে অনুরণন’ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, দুইজন নবীন শিক্ষার্থী যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপন করেছে তা দেখে আমার খুব ভালো লেগেছে। শাবিপ্রবিতে এমন আত্মবিশ্বাসী শিক্ষার্থীরা ভর্তি হয়, এটি আমাদের জন্য গর্বের।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রথম দিন থেকেই নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। বিশ্ববিদ্যালয়ে যতদিন থাকবে, প্রতিদিন অন্তত তিন ঘণ্টা পড়াশোনা করার অভ্যাস গড়ে তুলবে। শিক্ষার্থী হিসেবে তোমাদের প্রধান দায়িত্বই হলো ভালোভাবে লেখাপড়া করা।
ভাইস চ্যান্সেলর আরও বলেন, আমরা সবাই শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হচ্ছে। মেয়েদের হলের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নির্মাণাধীন ১১ তলা শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার ছাত্রীদের আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হবে।
লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফাতেমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকী এবং কম্পিউটার এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমদ।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





