
নবউদ্যমে পথচলা শুরু করল নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি
আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আলী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু এবং জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী মণ্ডল, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুসহ পরিবহন খাতের নেতৃবৃন্দ, সমিতির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পরিবহন খাতের উন্নয়ন, মালিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মানোন্নয়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আন্তরিকতা, সৌহার্দ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রত্যয়ে শেষ হয়।





