
মাজারের দানের টাকা বন্যাকবলিত মানুষের সহায়তায় ব্যয়ের আহ্বান সিলেট জেলা ছাত্রদল নেতার
সিলেট প্রতিনিধি:
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে আসা দানের অর্থের একটি অংশ দেশের বন্যাকবলিত অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের নেতা বদরুল আমিন। আজ এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে বদরুল আমিন বলেন, “শাহজালাল (রহ.)-এর মাজারে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ দান হিসেবে আসে। বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশের লাখ লাখ মানুষ যখন ঘরবাড়ি, ফসল হারিয়ে চরম অসহায় দিন কাটাচ্ছেন, তখন এই দানের অর্থের একটি অংশ যদি তাদের পুনর্বাসন ও সহায়তায় ব্যয় করা হয়, তবে অনেক বিপন্ন পরিবার নতুন করে বেঁচে থাকার ও স্বপ্ন দেখার সুযোগ পাবে।”
তিনি আরও উল্লেখ করেন, মানুষের এই চরম বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানো এবং পুনর্বাসনে এগিয়ে আসাই এখন সবচেয়ে বড় মানবতা। মাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের এই বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।
বদরুল আমিন স্পষ্ট করেন যে, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত ও মানবিক তাড়না থেকে করা একটি আহ্বান। তিনি আশা প্রকাশ করেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে সমাজের সব স্তর থেকে যার যার অবস্থান অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে।





