
বর্ষায় থৈ থৈ পানি, শিশুদের নিয়ে উদ্বেগ – অভিভাবকদের সতর্ক করলেন সচেতন মহল
রফিকুল ইসলাম (সবুজ)
বর্ষাকাল এসে গেছে। টানা বৃষ্টি আর উজানের পানিতে দেশের বিভিন্ন এলাকার নিচু জমি, পুকুর, খাল-বিল ও রাস্তাঘাটে পানি থৈ থৈ করছে। এই সময়ে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা।
সচেতন মহলের মতে, পানির প্রতি শিশুদের স্বাভাবিক আগ্রহ থাকে। একটু অসাবধানতাই ঘটাতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই বর্ষার এই সময়ে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ, আপনার শিশু সন্তানকে সার্বক্ষণিক নজরে রাখুন। পুকুর পাড়, খাল-বিল ও জলাবদ্ধ এলাকায় শিশুদের একা ছাড়বেন না।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হয়েছে,
“বর্ষাকাল চারিদিক পানি থৈ থৈ করছে, আপনার শিশু সন্তানকে সাবধানে রাখুন এবং সচেতনতার জন্য পোস্টটি শেয়ার করে অন্যকে সচেতন করুন।”
চিকিৎসক ও সমাজকর্মীরা বলছেন, বর্ষা মৌসুমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বেড়ে যায়। তাই সময় থাকতেই সচেতন হওয়া জরুরি। আপনার একটি শেয়ারই পারে আরেকজন অভিভাবককে সতর্ক করতে এবং একটি প্রাণ বাঁচাতে।





