
বারবার অভিযোগ, তবুও ব্যবস্থা নয়: অবহেলায় ভেঙে পড়ল কুমারখালী-চাটার্জিখালী সংযোগ পোল, আহত দিনমজুর
২০ জুলাই ২০২৬ | সোমবার
আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার কুমারখালী-চাটার্জিখালী সংযোগ পোল ধসে একজন দিনমজুর গুরুতর আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে পোলটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ জানুয়ারি চালু হওয়া কাঠের পোলটি নির্মাণের আগে একই স্থানে একটি ঢালাই ব্রিজ ছিল। একই বছরের মে মাসে পার্শ্ববর্তী মিরাখালী সড়কের নির্মাণকাজে বড় ট্রলার চলাচলের সুবিধার্থে পোলটির মাঝের তিনটি খুঁটি খুলে ফেলা হয়। এরপর পোলটির ভারসাম্য নষ্ট হয়ে গেলেও যথাযথভাবে মেরামত করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, ঠিকাদারকে একাধিকবার বিষয়টি জানানো হয়। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রশাসনের কাছেও অভিযোগ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময়েও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের ভাষ্য, এই অবহেলার পরিণতিতেই পোলটি ভেঙে পড়ে একজন দিনমজুর গুরুতর আহত হয়েছেন এবং কুমারখালী ও চাটার্জিখালী গ্রামের মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, রোগীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
ঘটনার পর এলাকাবাসীর প্রশ্ন—বারবার অভিযোগ করার পরও কেন নীরব ছিল দায়িত্বপ্রাপ্ত দপ্তর? ঠিকাদারের কাজের মান ও প্রতিশ্রুতি বাস্তবায়নের তদারকির দায়িত্ব কার ছিল? দুর্ঘটনার আগেই ব্যবস্থা নিলে কি এই ক্ষতি এড়ানো যেত না? জনগণের নিরাপত্তার চেয়ে কি প্রশাসনিক উদাসীনতাই বড় হয়ে উঠেছিল?
স্থানীয়রা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, আহত ব্যক্তির চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং সেখানে দ্রুত একটি টেকসই স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।





