
নাগরপুরে এসএসসি ফলাফলে বিপর্যয়, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
৫৯ প্রতিষ্ঠানে ৩৩৯১ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৮৫০ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন
মো : শাকিল হোসেন শওকত নাগারপুর টাঙ্গাইল প্রতিনিধি: সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে টাঙ্গাইলের নাগরপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে চরম ফল বিপর্যয়। এ দুটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবারের এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি।
উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে এবারের পরীক্ষায় মাত্র একজন শিক্ষার্থী অংশ নেয়। তবে ওই শিক্ষার্থীও পাস করতে পারেনি।
অন্যদিকে, সলিমাবাদ ইউনিয়নের আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে একজনও কৃতকার্য হয়নি।
উপজেলার ৫৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৩৯১ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৮৫০ জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ৩৪১ জন।
নাগরপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাসের হার ৬১ দশমিক ৬৫ শতাংশ। মাদ্রাসা শিক্ষায় পাসের হার ৩৯ দশমিক ১৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখায় পাসের হার ৪৫ দশমিক ৭০ শতাংশ।
এ বছর উপজেলায় মোট ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১৩ জন জিপিএ-৫ অর্জন করেছে।
দুই প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্যের বিষয়ে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহাম্মদ বলেন, “যে দুটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্য, সেগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধের বিষয়ে ইতিপূর্বেই রিপোর্ট প্রদান করা হয়েছে।”
ফলাফল প্রকাশের পর শূন্য পাসের এই চিত্র নিয়ে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।





